ক্ষমা চাইতেই শতাব্দীর পার

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৩৮

বর্তমানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র নামে পরিচিত দেশটি থেকে ১৯০৪ সালে ওটা বেঙ্গা নামের এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। অপহরণের পর ১৯০৬ সালে তাকে বন্দি করে কয়েক সপ্তাহের জন্য রাখা হয়েছিল নিউ ইয়র্কের সবচেয়ে বড় চিড়িয়াখানার বানরের খাঁচায়। ছোটখাটো গড়নের ওটা বেঙ্গার গায়ের রঙ ছিল কুচকুচে কালো, দাঁত ছিল অত্যন্ত তীক্ষ। চিড়িয়াখানায় নানা রকমের কসরত দেখিয়ে তিনি দর্শকদের আনন্দ দিতেন।

কিন্তু একজন মানুষকে এভাবে বানরের খাঁচায় রেখে দর্শককে আনন্দ দেওয়ার মতো অমানবিক কাজের জন্য যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে তীব্র সমালোচনা শুরু হয়। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে বন্দি রাখার পক্ষে নানা যুক্তি দিতে শুরু করে। বলা হয়, তাকে প্রদর্শনের জন্য সেখানে আটকে রাখা হয়নি, রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে যাতে করে সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। ওটা বেঙ্গাকে বন্দী করে রাখার এই ইতিহাস ধামাচাপা দিতে কর্তৃপক্ষের তরফ থেকে কয়েক দশক ধরে নানা চেষ্টা চালানো হয়। কিন্তু ১১৪ বছর পর সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছে সেই সময়ে ঐ চিড়িয়াখানা পরিচালনার দায়িত্বে থাকা বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংস্থা ওয়াইল্ড লাইফ কনজারভেটিভ সোসাইটি।—বিবিসি