সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) যে স্বাধীনতা রয়েছে বর্তমান কমিশন সরকারের কাছে সেই স্বাধীনতা সমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে ছাত্রদল মন্নুজান হল শাখার সাবেক সভাপতি দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, বর্তমান কমিশন সরকারের কাছে স্বেচ্ছায় নিজেদের স্বাধীনতা সমর্পণ করেছে। গণতন্ত্রে নির্বাচন কমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র সত্তা হলেও তারা আত্মসমর্পণ করে নিজেদের হিজড়ায় পরিণত করেছে। তিনি বলেন, সংবিধান তাদের স্বাধীনতা দিয়েছে, আর ১৯৭২ গণপ্রতিনিধি অধ্যাদেশ তাদের সেই ক্ষমতা কেড়ে নিয়েছে। এখন শেখ হাসিনা হবেন একক ক্ষমতার অধিকারী। তিনি বলেন, দেশে সুস্থ গণতন্ত্র নেই বলে আমাদের নানাভাবে, নানা কৌশলে কথা বলতে হচ্ছে। কথার মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে, তবে ডিজিটাল আইন আছে। এর পর আরো বড় অস্ত্র বিচারবহির্ভূত হত্যা। এসবই বিরোধী কণ্ঠ রোধ ও রাজনৈতিক তত্পরতা বন্ধের জন্য। রিজভীর দাবি, ইলিয়াস আলীর মতো এক জন এমপি ও রাজশাহীর হিরুকে কে গুম করেছে তা সরকার জানে।
রুনেসার সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ চন্দ্র দত্ত, অধ্যাপক আমিনুল ইসলাম, মত্স্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, রুনেসার যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব আলম ফরহাদ, অ্যাডভোকেট নুরুজ্জামান হানিফ প্রমুখ।
