স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় একক অনুশীলন শুরুর পর থেকে খুলনায়ই অনুশীলন করছিলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে।
সোহানের ঢাকায় বাসা আছে বলে তার এই খুলনা থেকে চলে আসাটা খুব তাত্পর্যময় মনে হচ্ছে না। তবে বিসিবির একটি সূত্র জানালো, মুশফিকুর রহিম ও লিটন দাসের কেউ কোনো কারণে সমস্যায় পড়লে তাকে শ্রীলঙ্কা সফরের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
প্রথম থেকে চতুর্থ ধাপের পঞ্চমতম দিন পর্যন্ত শেখ আবু নাসের স্টেডিয়ামে ফিটনেস ও ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জাতীয় দলে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা সোহান। এই ধাপের সপ্তম দিনে এসে শুরু করলেন মিরপুরে। হোম অব ক্রিকেটে তামিম ইকবাল, মুমিনুল হকের সঙ্গে যোগ দিলেন নিজেকে ফিরে পাওয়ার মিশনে।
সকালে মিরপুরে এসেই সরাসরি চলে গেছেন ইনডোরে ব্যাটিং অনুশীলনে। বোলিং মেশিনে নক করেছেন। এরপর করেছেন জিম ও রানিং। অন্যদিকে লঙ্কা সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে দিনের অনুশীলনে যোগ দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল, টেস্ট দলপতি মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।
