মৌসুম শুরু বার্সা-রিয়ালের

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতি শেষে ফুটবলারদের যেন দম ফেলার ফুরসত নেই। গেল সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছে, এরই মধ্যে নতুন মৌসুমের প্রস্তুতিতে নামতে হচ্ছে তাদের।

বার্সেলোনায় লিওনেল মেসিকে নিয়ে তোলপাড় চললেও এর মধ্য দিয়েই আগামীকাল সোমবার অনুশীলন শুরু করবে দলটি। একই দিনে নতুন মৌসুমের উদ্দেশ্যে রিয়াল মাদ্রিদও নামবে অনুশীলন মাঠে।

এর আগে দুই দলেরই করোনা পরীক্ষা হবার কথা আজ রবিবার। মেসির বিশ্বস্ত সূত্র ধরে স্প্যানিশ সংবাদমাধ্যম শুরুতে এ পরীক্ষায় আর্জেন্টাইন তারকার অংশ নেওয়ার কথা জানালেও এখন শোনা যাচ্ছে ভিন্ন তথ্য। অনুশীলনে ফিরবেন না মেসি। ফলে হয়তো তাকে রেখেই বাকিদের নিয়ে অনুশীলনে নামতে হবে নতুন কোচ রোনাল্ড কোম্যানকে।

রিয়াল মাদ্রিদও অনুশীলন শুরু করতে যাচ্ছে আগামীকাল থেকে। আন্তর্জাতিক ফুটবলের দায়িত্বে থাকায় বেশ কিছু খেলোয়াড়কে ছাড়াই অনুশীলনে নামবেন জিনেদিন জিদানের শিষ্যরা। আজকের করোনা পরীক্ষায় উতরে গেলে আগামীকাল মার্সেলো, এডের মিলিতাও, নাচো, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, ফেদে ভালভার্দে, ইস্কো, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, মার্টিন ওডেগার্ড আর লুকাস ভাসকেজ, এই বারো জনকে নিয়েই অনুশীলন করবেন কোচ জিদান।