রয়টার্স
আফগানিস্তানে এ সপ্তাহে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জন দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, শনিবারও কাদামাটি ও জঞ্জালের স্তূপের মধ্যে উদ্ধার কাজ চলে। বন্যায় দেশের উত্তরাঞ্চলের ১৩টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কাবুলের উত্তরের প্রদেশ পারওয়ানেই মারা গেছেন ১১৬ জন। সেখানে আরো ১২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ১৫ জনের সন্ধান এখনো মেলেনি বলে জানান স্থানীয় কর্মকর্তারা। পারওয়ান গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, ‘দুর্গত এলাকায় এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনার চেষ্টা করছেন।’ গত বুধবার পারওয়ানে আকস্মিক বন্যার পানির তোড়ে অনেক বাড়িঘর ও ভবন ভেসে যায়। দুর্গত এলাকার বেশির ভাগ মানুষই কৃষক ও শ্রমজীবী। যারা আগে থেকেই আর্থিক দুর্দশার মধ্যে ছিলেন। আফগান সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিয়েছে। ন্যাটো বাহিনীও সেখানে উদ্ধার ও ত্রাণ কাজে আফগান সেনাদের সাহায্য করছে।
