ইত্তেফাক রিপোর্ট
যথাযথ শাস্তির অভাবে দেশে ঋণখেলাপি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণখেলাপিতে লাগাম টানতে হলে তাদের শাস্তির আওতায় আনতে হবে। গতকাল শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান তার নিজের দায়িত্ব পালনকালে একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ঋণখেলাপিদের শাস্তি দরকার। তাদেরকে সামাজিকভাবে হেয় করা এমনকি পাসপোর্ট জব্দ করার মতো শাস্তিও হওয়া উচিত। তিনি বলেন, ব্যাংকের ঋণ শোধ করবে না; কিন্তু অন্য খাতে বিপুল টাকা ব্যয় করে। করোনাকালীন উদ্যোক্তার স্বাস্থ্যসচেতনতা নিয়ে আয়োজিত ঐ সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। এ সময় বক্তারা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ঋণখেলাপি নিয়ে খুব বেশি কথা না হলেও এই পরিস্থিতির সুযোগ নিয়েও কেউ ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়ার সুযোগ নিতে পারেন। উদ্যোক্তাদের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত।
