এক হাজার নারী উদ্যোক্তার পাশে উজ্জ্বলা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৫৯

করোনা মহামারীর এই সময়ে দেশের অন্যান্য খাতের মতো সৌন্দর্য সেবা খাতের নারীরাও আজ ক্রান্তিকাল অতিক্রম করছেন। আর এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান উজ্জ্বলা। তারা সৌন্দর্য খাতে কর্মরত এক হাজার নারীকে নগদ অর্র্থ সহযোগিতা করেছেন। এই ক্রান্তিকালে তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেই উদ্দেশ্যেই উজ্জ্বলার এই উদ্যোগ। 

গত ২৭ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। আরও উপস্থিত ছিলেন উজ্জ্বলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদিত্য সোম এবং বিউটি এক্সপার্ট, উজ্জ্বলার সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আফরোজা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম বলেন, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই নারীরা নিজ নিজ যোগ্যতায় সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। দেশে নারী উদ্যোক্তার হারও দিন দিন বাড়ছে। আগামী ১০ বছরে এ হার উল্লেখযোগ্য হারে বাড়বে। আর এসব নারীর পদচারণায় এগিয়ে যাচ্ছে দেশ। আমরা যা কিছু অর্জন করছি তার পেছনে নারীদের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। 

আফরোজা পারভীন বলেন, আমাদের দেশে প্রতি পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে একজন সৌন্দর্য খাতে কর্মরত অথবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা তাদের আয়ের ৮০ শতাংশ সংসারে ব্যয় করেন। কিন্তু এই করোনা সংকটে এ খাতের নারীরা তাদের কাজ হারিয়েছেন। ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এই সংকটকালে উজ্জ্বলা তাদের পাশে থাকতে চায়। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া উদ্যোক্তাদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়।

ইত্তেফাক/এএম