টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণে ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল (১)। টঙ্গীর এই ১৫টি ওয়ার্ডের ৯০ শতাংশ সড়ক যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত সাত বছরেও এই ১৫টি ওয়ার্ডের সড়ক সংস্কার করা হয়নি বলে অভিযোগ রয়েছে। শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকাটি ঘনবসতিপূর্ণ। প্রতিটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়ক দিয়ে মালবাহী ভারী যানবাহন চলাচল করে থাকে। ফলে এলাকার অধিকাংশ সড়ক অল্প সময়ের মধ্যে ভেঙে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওয়ার্ডগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের সময় প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের ইশতেহারে এলাকার উন্নয়নের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের কথা বলে থাকলেও বিজয়ী হলেও তা আর কার্যকর হয় না। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দুইবার নির্বাচন হয়েছে। গত সাত বছরে এই এলাকায় সিটি করপোরেশনের অধিকাংশ সুযোগ-সুবিধা থেকে এলাকাবাসী বঞ্চিত। ১৫টি ওয়ার্ডে নেই খেলার মাঠ, পার্ক বা কোনোপ্রকার বিনোদন কেন্দ্র। কয়েকজন কর্মজীবী জানান, এলাকার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ভিন্ন সড়ক ঘুরে কর্মস্থলে যেতে হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গুরুত্বপূর্ণ থানা হচ্ছে টঙ্গী পূর্ব থানা। বছরের ৯ মাস পানির নিচে থাকে এ থানা গেট। ফলে থানায় প্রবেশের সড়কটিতে খানাখন্দ হয়ে গেছে। সিটি করপোরেশনে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অঞ্চল ১ ও ২) এ বি এম ছিদ্দিকুর রহমান জানান, সিটি করপোরেশনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরেই এলাকার ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে।
