বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু ব্যক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারই নয়, বাংলাদেশ রাষ্ট্র ও স্বাধীনতাকে হত্যার চক্রান্তেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল।’ গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহিলা শ্রমিক লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মহিলা শ্রমিক লীগ সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এছাড়াও এদিন বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. হাছান মাহমুদ দেশের শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি আহমেদ হাসনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী নেতা এম এ কাশেম, সাবিনা আক্তার তুহিন, মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম প্রমুখ।
এদিকে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাহাত খানের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল তথ্যমন্ত্রী বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খান একজন প্রগতিশীল সাংবাদিক ছিলেন এবং সারা জীবন বঙ্গবন্ধুর পক্ষে লেখালেখি করেছেন। দেশের সাংবাদিকতায় তার ব্যাপক অবদান ছিল।
