জাতীয় শোক দিবস উপলক্ষে বেরোবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃক্ষায়ণ ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে অনলাইনে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। 

এসময় বেরোবি ভাইস চ্যান্সেলর বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধ্বস এসবের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ দিন দিন বাড়ছে বলে পরিবেশ হুমকির মুখে।’

তিনি বলেন, ‘বৃক্ষ আমাদেরকে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটা রক্ষা করবে।’ প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ, সবুজায়ন এবং জীববৈচিত্র সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে বেরোবি ক্যাম্পাসের সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ভ্যাকসিন পেতে প্রথম সারিতে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

অগ্রণী ব্যাংক রংপুর জোনের পক্ষ থেকে বেরোবি ক্যাম্পাসের গ্যারেজ সংলগ্ন জায়গায় শতাধিক বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল হেড মো. শাহজাহান মিয়াসহ অগ্রণী ব্যাংক রংপুর জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বেরোবি বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক মো. আতিউর রহমান, বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ্-আল-মাহবুব, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য সচিব সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. লোকমান হাকিমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম