ব্যয় হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
হাওর প্রধান সুনামগঞ্জে সাড়ে ১৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলা উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে। এতে ব্যয় হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা।
‘হাওর এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ‘ফ্লাইওভার নির্মাণের বিষয়টি এখন কোনো স্বপ্ন নয়, বাস্তব হতে চলছে। খুব শিগিগরই একনেকে পাশ হবে, মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ইত্তেফাককে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্ ফ্লাইওভারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর নাম প্রস্তাব করা হয়েছে শেখ হাসিনা ফ্লাইওভার হাইওয়ে। মন্ত্রী বলেন, এই সড়ক হবে দেশের একটি দৃষ্টিনন্দন ও মনোরম উড়াল সড়ক।
হাওরের মানুষ বছরের ছয় মাস থাকে জলাবদ্ধ হয়ে। ধান ও মাছ ছাড়া বিকল্প কর্মসংস্থান নেই। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে হাওরের জন্য অনেক উন্নয়ন প্রকল্প দিয়েছেন। এজন্য আমরা হাওরবাসী প্রধানমন্ত্রীর কাছে ঋণী। উড়াল সড়ক নির্মাণের ফলে হাওরে যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত সূচিত হবে। এর পাশাপাশি পর্যটনশিল্পেও সমৃদ্ধ হবে হাওর।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাত দৃষ্টিতে এটা ব্যয়সাপেক্ষ হলেও এর স্থায়িত্ব বেশি এবং পরিবেশ বান্ধব। তিনি বলেন, এই প্রজেক্ট খুব শিগিগরই একনেকে উঠবে। এটি বাস্তবায়িত হলে হাওর এলাকার বহু মানুষ উপকৃত হবে। তিনি বলেন, এলাকাটি সারা বছর সারা দেশের যোগ নেটওয়ার্কে আসবে ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে এবং পর্যটন ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের অবহেলিত মানুষের জীবনমানের উন্নতিকল্পে আন্তরিকভাবে কাজ করছেন।
প্রকল্পটি এলজিইডি বাস্তবায়ন করবে। এ ছাড়া আরো ১২৮ কিলোমিটার নান্দনিক সড়ক হবে। বর্ষায় ঐ সব সড়কের ওপর দিয়ে নৌকা চলবে। আর হেমন্তে গাড়ি চলবে। উপজেলা সড়কে ২ হাজার ৯৮৭ মিটার ও ইউনিয়ন সড়কে ৬৮৫ মিটার ব্রিজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। হাওরের উদ্ভিদ ও প্রাণিকূল যাতে শব্দ দূষণের শিকার না হয় সেজন্য সড়কে শব্দ প্রতিরোধক ব্যবহার করা হবে।
দেশের মধ্যে সুনামগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান ভিন্ন। মেঘালয়ের পাদদেশের এই জেলাটি অত্যন্ত সম্ভাবনাময়। ধান, মাছ, বালি, নুড়ি পাথরসহ প্রকৃতিক ও খনিজসম্পদে ভরপুর এই জেলা। বিশাল বিশাল হাওরের কারণে অধিকাংশ জনপদ বিচ্ছিন্ন।
