বঙ্গবন্ধু বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন:তোফায়েল

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:২৬

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন। আজকে বাংলাদেশ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু এর ভিত্তি স্থাপন করেছিলেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর যে দরদ ছিল তা চিন্তা করা যায় না। গতকাল শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শীর্ষক এ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, এই পৃথিবীতে অনেক নেতা আসবে, অনেক নেতা এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো মানবদরদী মহান নেতা আসবেন না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সুফলা, শস্য-শ্যামল বাংলায় রূপান্তরিত করব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনায় নিবিড়ভাবে কাজ করেছেন। বাংলার দুঃখী মানুষ-কৃষক শ্রমিকের জন্য তার ভালোবাসা ছিল অকৃত্রিম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরকার গঠন করে কৃষিকে গুরুত্ব দিয়েছেন। যার ফলে কৃষির সকল সেক্টরে আমাদের অনেক উন্নতি হয়েছে। সভায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করেন। আলোচক হিসাবে অংশগ্রহণ করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল প্রমুখ।