শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিমুলতলায় (মুন্সীবাড়ি) অবস্থিত এলাকার ঐতিহ্যবাহী পিরে কামেল মোকাম্মেল হযরত শাহ সুফি মাও. সামছুল হক নকশেবন্দী মোজাদ্দেদীর (রহ.) মাজার শরিফ, ছাত্তারিয়া খানকা শরিফ, হাফিজিয়া মাদ্রাসা ও ইবাদতখানাটি বর্তমান স্থান থেকে না সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক নির্মাণের জন্য এই স্থানটি অধিগ্রহণের আওতায় পড়েছে বলে জানা গেছে।
এব্যাপারে আলাপকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মো. রজব আলী বলেন, ঐ মাজারটি এলাকার একটি ঐতিহ্যবাহী সম্পদ। এশিয়ান হাইওয়ের নকশার মধ্যে মাজারটি পড়েছে বলে শুনেছি। মাজারটি না ভেঙে পাশ দিয়ে যাতে মহাসড়কটি নেওয়া হয়, কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাচ্ছি। একই মত ব্যক্ত করেন স্থানীয় ইউপি ভাইস চেয়ারম্যান মো. চান্দ আলী, ইউপি মেম্বার মো. সৈয়দ আলী, সাবেক ইউপি মেম্বার আবদুল মন্নান প্রমুখ।
ওলীর খলিফা আবদুল কাদির মাস্টার ওলীর মাজারের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে মাজার অন্যত্র স্থানান্তর না করার দাবি জানান।
