খুলছে না চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইট

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:৫০

চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটের সমস্যায় বিড়ম্বনায় পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে (সিপিএ.জিওবি.বিডি) ক্লিক করলে ওপেন হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাইট।

সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার থেকে বন্দরের ওয়েবসাইট খোলা যাচ্ছে না। গতকাল শনিবার বিকালে বন্দরের সাইটে ক্লিক করলে বিসিসির ওয়েবসাইটটি বারবার দৃশ্যমান হয়। এর ফলে দেশে-বিদেশে বন্দরের ওয়েবসাইট ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে বার্থিং ও জাহাজের তথ্য, পোর্ট পারফরম্যান্স, হ্যান্ডলিং ডাটা, নিয়োগ পরীক্ষার ফল, কর্মকর্তাদের তালিকা, নোটিশ বোর্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই ওয়েবসাইটটি প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করে থাকেন। 

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ইত্তেফাককে বলেন, এই ওয়েবসাইটটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে সেখান থেকে জানানো হয়।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, বন্দরের কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারী ও বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য, আন্তর্জাতিক শিপিং ফ্রেইট ফরওয়ার্ডিং ও সিঅ্যান্ডএফসহ অসংখ্য স্টেক হোল্ডার ওয়েবসাইটটি প্রতি মুহূর্তে ব্যবহার করে থাকেন।