ফুলপুরে লোকালয়ে বাঘ, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুরে লোকালয়ে বাঘ দেখা গেছে। বুধবার সকাল ৭টার দিকে পয়ারী ইউনিয়নের সাহাপুরে সবুজ দত্তের বাড়িতে খাবারের সন্ধানে চলে আসে বাঘটি।  এ সময় বাড়ির কুকুর তাড়া করলে কুকুরকেও আক্রমণ করে বাঘটি। পরে কুকুরের ডাকে প্রথমে বাড়ির মালিক মলয় দত্ত বের হন। তিনি বাঘ দেখে চিৎকার দিলে আরো লোকজন আসলে বাঘ জঙ্গলে একটি গাছের ডালে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শী সবুজ দত্ত ইত্তেফাককে বলেন, কৌতূহলী ৪/৫শ মানুষ গাছের নিচে জড়ে হলে ২ ঘণ্টা গাছে অবস্থান করে বাঘটি। পরে একটু নীরবতা পেয়ে বাঘটি গাছ থেকে নেমে লোকচক্ষুর আড়ালে চলে যায়।

আরো পড়ুন: ‘হৃদয় চুরি’র অভিযোগ নিয়ে পুলিশের কাছে তরুণ!

ওই এলাকার নির্মল দত্ত জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাঠে গরু আনতে গিয়ে এই বাঘটির চেয়ে আরো বড় একটি বাঘ দেখেছেন। বাঘ দেখে তার হাতে রশিতে রাখা গরু আতঙ্কে ছুটে যায়।

সাহাপুর গ্রামে মাছুয়া বাইদ খালে গভীর ঘন জঙ্গল রয়েছে। জঙ্গলে প্রাচীনকাল থেকে বিশালাকৃতির ৬/৭ টি সুরঙ্গ রয়েছে। বিল থেকে খালটি খড়িয়া নদীতে মিলিত হয়েছে। এলাকাবাসীর ধারণা, বাঘগুলো এখানে থাকে। খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়েছে। গাছে অবস্থান করা বাঘের ছবি দেখে কেউ বলছেন মেছো বাঘ, কেউ বলছেন চিতাবাঘ।

বিকেল ৩ টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সুরঙ্গে বাঘটিকে দেখে এলাকাবাসী সুরঙ্গের মুখ বাঁশ দিয়ে আটকে দিয়েছে। এতে বাঘটি ভিতরে আটকা পড়েছে।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বাঘটিকে আক্রমণ বা হত্যা না করার জন্য মাইকিং করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ