রাজশাহীর বানেশ্বরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে ও বেলা ১১টায় রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর ও বানেশ্বর কলারহাটে দুর্ঘটনা ঘটে।
আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের বেলপুকুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ওমর আলী (৩৭) নিহত হন। ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে পুঠিয়া পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর কালাহাট এলাকায় যাত্রীবাহী কোচ, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ট্রাক চালক কুতুব আলী (৩২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ট্রাকচালক কুতুব আলী চারঘাট থানার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: লালপুরে আখ ক্ষেত থেকে অস্ত্র উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, বানেশ্বরের দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল, আর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দেশ ট্রাভেলস ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ১০ জন আহত হন।
এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা গেলেও যাত্রীবাহী দেশ ট্রাভেলস কোচটি দ্রুত পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ইত্তেফাক/বিএএফ
