লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন আর্সেনাল

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৭:২৭

লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় এফএ কাপ চ্যাম্পিয়নরা। 

১২ মিনিটে ম্যাচে অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বাঁ-দিক থেকে বুকায়ো সাকার বাড়ানো ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি।  ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো আর্সেনাল। বক্সের ভেতর থেকে প্রতিপক্ষের বারের উপর দিয়ে বলকে বাইরে পাঠিয়ে দেন অবামেয়াং। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। 

আরো পড়ুন : শহরের বাস্তব চিত্র দেখতে ভোরে নগর পরিদর্শনে মেয়র আতিক 

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিতেই ব্যস্ত ছিলো আর্সেনাল ও লিভারপুল। মধ্যমাঠের দখল নিতেই সময়ক্ষেপণ হয়ে যায় দু’দলের। অবশেষে আর্সেনালের ডি-বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন তাকুমা মিনামিনো। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়।

ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। আর সেখানে শিরোপা জয়ের হাসি হাসে আর্সেনাল। এই নিয়ে ১৬বারের মত কমিউনিটি শিল্ডের শিরোপা জিতলো আর্সেনাল। তবে রেকর্ড ২১টি শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ বার শিরোপা জিতে তৃতীয়স্থানে রয়েছে লিভারপুল।


ইত্তেফাক/ইউবি