লন্ডনে জাতিসংঘের অফিসের সামনে চীনের বিরুদ্ধে বিক্ষোভ 

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৯:৪২

লন্ডনে জাতিসংঘের কার্যালয়ের সামনে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন তিব্বতি ও উইঘুর সম্প্রদায়ের সদস্যরা। 

তিব্বত ও পূর্ব তুর্কিস্তানে চীনের ‘মানবতাবিরোধী জঘন্যতম অপরাধ’ এর নবম বার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভ করা হয়।

শুক্রবার যুক্তরাজ্যের তিব্বতি কমিউনিটি, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডাব্লিউইউসি) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর তিব্বত ও নির্যাতিত সংখ্যালঘু (জিএটিপিএম) এর নেতৃত্বে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভকারীদের হাতে ‘তিব্বত ও পূর্ব তুর্কিস্তানের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, ‘উইঘুর মানুষদের বাঁচান’ ইত্যাদি শ্লোগান সম্বলিত ব্যানার দেখা যায়।

গ্লোবাল অ্যালায়েন্স ফর তিব্বত ও জিএটিপিএমের এক বিবৃতিতে বলা হয়, ‘চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ১৯তম পলিট ব্যুরোর সদস্য চেন কোয়াঙ্গুও পার্টির দ্বিতীয় পদের জন্য বিবেচিত হচ্ছেন। আর তিনি হলেন তিব্বত ও পূর্ব তুর্কিস্তান শাসন করা এখন পর্যন্ত সবচেয়ে নির্মম চীনা নেতা।’

তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টির সেক্রেটারি ছিলেন চেন কোয়াঙ্গুও। জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গত মাসে মার্কিন কর্তৃক নিষিদ্ধ চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের একজন তিনি।

ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের পরিচালক রহিমা মাহমুত বলেন, ‘আমরা সবাই যেন একত্রিত হই, এবং আমাদের প্রতিবাদ জানাই।’

রহিমা আরও যোগ করেন, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস শিগগিরই উইঘুর গণহত্যা বন্ধের প্রচার শুরু করবে।

ইত্তেফাক/জেডএইচ