ঢাকা-টাঙ্গাইল পুরাতন রোড

সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে প্রশস্তকরণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৩

মির্জাপুরে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়কের প্রশস্তকরণ কাজ। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহন চালকরা। ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডে। বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তার ওপর ঝুঁকিপূর্ণ খুঁটি রেখেই চলছে ঢালাই।

সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিস সূত্র জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের অধিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু একসেস রোডের আঞ্চলিক রোড (উপজেলা সদরের পুরাতন রোড) দেওহাটা থেকে পুষ্টকুমারী চরপাড়া পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, টার্মিনাল নির্মাণ, রাস্তার দুই পাশে লাইটিং, ড্রেন নির্মাণ ও ফুটপাত নির্মাণসহ ১৪ কোটি ২০ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে উন্নয়ন কাজ হচ্ছে। বাইমহাটি এলাকার মো. মিন্টু মিয়া (৫৬), বাস চালক লিয়াকত আলীসহ (৩৫) একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নিম্নমানের কাজ হওয়ায় এলাকায় অসন্তোষ রয়েছে। এরই মধ্যে রাস্তা ও ফুটপাতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ঢালাইয়ের কাজ। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মনোজ বলেন, রাস্তা উন্নয়ন কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তাদের তদারকির মাধ্যমেই কাজ করা হচ্ছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, রাস্তার ওপর যে সব খুঁটির টাকা জমা দিয়েছিলেন সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। যে সব খুঁটি রয়েছে সেগুলোর টাকা এখন জমা দেওয়া হয়নি। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (মির্জাপুর অফিস) মো. আমিনুল কবির বলেন, রাস্তায় ফুটপাত প্রশস্তকরণের জন্য বিদ্যুত্ অফিসে টাকা জমা দিয়ে খুঁটি সরানোর জন্য বলা হয়েছে। কিছু এলাকায় রাস্তার পাশে পুকুর থাকায় খুঁটি সরানো যায়নি। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসআই