২১ আগস্ট গ্রেনেড হামলা: সাবেক ছাত্রলীগ নেতা শিমুলের মানবেতর জীবনযাপন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৭

২১ আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার শিকার গুরুতর আহত ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম ভূঁইয়া শিমুল (৪৮) দীর্ঘ ১৬ বছরেও সুস্থ হননি। এই দীর্ঘ সময়ে চিকিৎসা ব্যয় বাবদ তাকে ধার-দেনা করে খরচ করতে হয়েছে লাখ লাখ টাকা। বর্তমানে তিনি চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।

শিমুল গত সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ঘটনার দিনের হৃদয় বিদারক পরিস্থিতির কথা বর্ণনা করে তার গুরুতর আহত হওয়া এবং ১৬ বছর ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার বিবরণ দেন।

তিনি জানান, এই সময় চিকিৎসা নিতে গিয়ে তিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে ৩৫ লাখ টাকা ধার-দেনা করে চিকিৎসা খরচ চালিয়েছেন কিন্তু এখনো সুস্থ হননি। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসা নেওয়া তো দুরের কথা ২ বেলা খাওয়ার জোগাড় করতেও তার হিমশিম খেতে হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, তার দুরবস্থার কথা বর্ণনা করে ২০১৮ সালে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু অদ্যাবধি কোন প্রতিকার পাননি। তিনি মানবিক কারণে তাকে আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।

ইত্তেফাক/আরকেজি