স্পোর্টস রিপোর্টার
গত মে মাসে নিজের নামে মুশফিকুর রহিম ফাউন্ডেশনের ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। গত কয়েক মাস নেপথ্যে বিভিন্ন কাজ করেছেন। অবশেষে দুই দিন আগে বগুড়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ দেওয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এই ফাউন্ডেশন।
গতকাল ফেসবুকে দেওয়া এক ঘোষণায় মুশফিক জানান, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে তারা কাজ শুরু করেছেন। সব কাজ পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট।
