মিসবাহর প্রতিক্রিয়ায় বিরক্ত ইনজামাম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান তখনো খেলায় ছিল। সেই অবস্থায় ড্রেসিংরুমে ক্যামেরা গেলে দেখা যায়, মাথায় হাত দিয়ে বসে আছেন কোচ মিসবাহ-উল-হক। আর এই ধরনের হতাশ প্রতিক্রিয়া খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয় বলে মনে করছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

কোচ হয়ে মিসবাহর এমন প্রতিক্রিয়া দলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে সেটিই তুলে ধরেন তিনি, ‘ইংল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারের সময়, পাকিস্তান যখন পাওয়ার প্লেতে বোলিং করছিল এবং ৪০-৪৫ রান দিয়েছিল, ক্যামেরা বারবার মিসবাহকে দেখাচ্ছিল। তার হাত ছিল মাথায়। যেটা দেখে মনে হয়, খুব বাজে কিছু হয়ে গেছে। তখনো ১৫৫-১৬০ রান প্রয়োজন ছিল এবং ম্যাচটি যে কোনো দলের পক্ষে যেতে পারত।’

ইনজামাম বলছেন, এ রকম সময়ে হতাশা দেখানোর ফল ভালো হয় না, ‘সে এমন বার্তা দিচ্ছিল যে, দল খারাপ কিছু করে ফেলেছে। ম্যাচ শেষে যথাযথভাবে আলোচনা করা যেত, কিন্তু ম্যাচ চলাকালীন এমন প্রতিক্রিয়া দলের ওপর খারাপ প্রভাব ফেলবে।’ পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়ে ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। ইনজামামের মতে, ম্যাচের কঠিন পরিস্থিতিতেও দলকে সাহস জোগানোই হওয়া উচিত ড্রেসিং রুমে থাকাদের কাজ, ‘ম্যাচে যা কিছুই ঘটুক না কেন, ড্রেসিং রুম থেকে কেবল ইতিবাচক আবহটাই দেওয়া উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। এই সংস্করণেই যদি আমরা হেরে যাই, তাহলে এটা দুশ্চিন্তার বিষয়।’