মানুষের বিবেক ও বুদ্ধি প্রতি মুহূর্তে ভূলুণ্ঠিত হচ্ছে তার অনৈতিক কাজ ও নীতিহীন আদর্শের কাছে। অনেক রকমের চুরি আমাদের দেশে হয়। গরু চুরির ঘটনা স্বাভাবিক। কিন্তু একটি গোটা পরিবার গরুচোর এবং সব সদস্যই নারী! সংবাদ মাধ্যম এবং সামাজিক মিডিয়ায় যেটুকু জানতে পারলাম—কক্সবাজার উপজেলার হারবাং ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়ে পরিবারটি মধ্যযুগীয় নির্যাতনের শিকার হয়েছে। কথা হলো—পরিবারটি যদি গরু চুরির মতো অপরাধ করে থাকে, তাহলে গরুর মালিক অথবা চেয়ারম্যান অথবা তার পক্ষের কেউ কেন পুলিশে অভিযোগ করল না? পুলিশে অভিযোগ না করে তিন নারীকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে মারতে মারতে ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়। অর্থাত্ আইন নিজেদের হাতে তুলে নেওয়া হয়েছে। এরকম ধৃষ্টতা দেখিয়ে বর্বরতার শেষটুকু প্রয়োগ করেছে তারা। যা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বিবেককে নাড়া দেয়। অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর
