ইত্তেফাক রিপোর্ট
নগর ভবনের সামনের সড়কের লেগুনা স্ট্যান্ড সরিয়ে অন্যত্র নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের তত্ত্বাবধায়নে লেগুনা স্ট্যান্ডটি নগর ভবনের পূর্ব পাশে সরিয়ে নেওয়া হয়েছে। এতে নগর ভবনের গুলিস্তান প্রান্তে যানজট কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মেয়রের নির্দেশনা মোতাবেক নগর ভবনের সামনের রাস্তা থেকে অবৈধ লেগুনা স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার পাশাপাশি টোল আদায়ের মাধ্যমে করপোরেশনের আয় বাড়ানো এবং যানজট কমানোই এর মূল উদ্দেশ্য। পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন সাধনের মাধ্যমে একটি সচল নগরী গড়ার যে অভিপ্রায় মেয়রের রয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যে করপোরেশনের সম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, আগেকার লেগুনা স্ট্যান্ডে এখন থেকে কেউ যাত্রী নেওয়ার জন্য কিংবা যাত্রী উঠানামার জন্য অবস্থান করতে পারবে না। সেজন্য আমরা সার্বক্ষণিক তদারকি করব, প্রয়োজন অনুযায়ী ঘন ঘন ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা ও জরিমানা আদায় করব। যানজট নিরসন এবং জনসাধারণের পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন করতে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। এদিকে একই সময়ে নগর ভবনের সামনের রাস্তায় ফুটপাতের সব হকারকেও উচ্ছেদ করা হয়েছে।
