২১ আগস্ট গ্রেনেড হামলা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত সেই সময়ের ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম ভূঁইয়া শিমুল (৪৮) দীর্ঘ ১৬ বছরেও সম্পূর্ণ সুস্থ হননি। এই দীর্ঘ সময়ে চিকিত্সা ব্যয় বাবদ তাকে ধার-দেনা করে খরচ করতে হয়েছে লাখ লাখ টাকা। বর্তমানে তিনি চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
সাবেক এই ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম ভূঁইয়া শিমুল গত সোমবার বিকালে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা করে তার গুরুতর আহত হওয়া এবং ১৬ বছর ধরে বিভিন্ন হাসপাতালে চিকিত্সার বিবরণ দেন।
শিমুল জানান, এই সময় চিকিত্সা নিতে গিয়ে তিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে ৩৫ লাখ টাকা ধার-দেনা করে চিকিত্সা খরচ চালিয়েছেন কিন্তু এখনো সুস্থ হননি। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। চিকিত্সা নেওয়া তো দূরের কথা ২ বেলা খাওয়ার জোগাড় করতেও তার হিমশিম খেতে হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, তার দুরবস্থার কথা বর্ণনা করে ২০১৮ সালে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন। কিন্তু অদ্যাবধি কোনো প্রতিকার পাননি। তিনি আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।
