করোনার কারণে সীমিত পরিসরে নানা আয়োজনে সারা দেশে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে দলটি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় সিনিয়র নেতাদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। এ সময় দেশ জাতির শান্তি ও দলীয় চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়। দলটির সর্বস্তরের কয়েক হাজার নেতাকর্মী সেখানে ভিড় করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, মত্স্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতারা সেখানে বক্তব্য রাখেন।
