প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে চট্টগ্রামের বিশিষ্টজনদের শোক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। নেতৃবৃন্দ প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক পৃথক শোকবার্তায় বক্তারা বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। এই প্রাজ্ঞ প্রাণের জীবনাবসান উপমহাদেশ তথা বিশ্বরাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রণব মুখার্জি অসামান্য ভূমিকা পালন করেছেন। উপমহাদেশের বরেণ্য এই রাজনীতিকের মহাপ্রয়াণে বাংলাদেশ এক অকৃত্রিম বন্ধুকে হারাল।

শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, ফজলে করিম চৌধুরী এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, মোছলেম উদ্দিন আহমেদ এমপি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান প্রমুখ।