নড়াইলে প্রণব মুখার্জির স্মরণসভা আজ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০

নড়াইলের জামাই বাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় প্রয়াত নেতার স্ত্রী শুভ্রা মুখার্জির মামা বাড়ি সদর উপজেলার তুলারামপুরে কালিমন্দির চত্বরে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া শুভ্রা মুখার্জির নিজ বাড়ি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রাম এবং মামা বাড়িতে চলছে মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনা। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাইলাল ঘোষ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ভাইজি জামাই অয়ন দাস।

জানা গেছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে প্রণব মুখার্জির বিয়ে হয়। দীর্ঘ ৪০ বছর পরে ১৯৯৫ সালে শেকড়ের সন্ধানে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা মুখার্জি বেড়াতে এসেছিলেন নড়াইলে। এরপর ২০১৩ সালের ৩ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিন দিনের সফরে সস্ত্রীক বাংলাদেশে আসেন।  সে সময় তারা দুই জনেই নড়াইল এসেছিলেন।