আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেয়। কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত জামায়াত নেতারা হলেন—আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মো. শফিকুল আলম ও নিজাম উদ্দিন।
জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী জানান, সীতাকুন্ডের কুমিরা এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় আ ন ম শামসুল ইসলামসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্ট আসামিদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দিয়েছিলেন। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। পরে আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
