‘দৃষ্টি আই হসপিটাল’ উদ্বোধন

সময়মতো চিকিত্সা নিলে চোখের অর্ধেক সমস্যা সমাধানযোগ্য

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৭ লাখ ৫০ হাজার মানুষ অন্ধ। যাদের প্রায় ৮০ শতাংশ অর্থাত্ (৬ লাখ ৫০ হাজার) ছানিজনিত কারণে অন্ধত্বের স্বীকার। প্রতি বছর প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ নতুন করে যুক্ত হচ্ছে। দেশে প্রায় ৪০ হাজার শিশু অন্ধ, যার প্রায় ১২ হাজারই ছানিজনিত কারণে। সময়মতো চিকিত্সা নিলে এসব সমস্যার অর্ধেক সমাধান করা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এসব সমস্যার সমাধানে সর্বাধুনিক চোখের চিকিত্সার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘দৃষ্টি আই হসপিটাল’। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনশ্রীতে এই হাসপাতালের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল হাসান মহসিন।

সভাপতির বক্তব্যে হসপিটালটির চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান বলেন, স্বল্প খরচে উন্নতমানের চোখের সেবা দিতে দৃষ্টি আই হসপিটাল বদ্ধপরিকর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আবিদ আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফরাজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. ইমন ফরাজি, বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কালাম, সেক্রেটারি নুরুল কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা।