দুলু ও তার স্ত্রীর সাড়ে ৭ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১

সাবেক এমপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা রয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের চিঠি পেয়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এসব অর্থ জব্দ করেছে বলে দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ২০১৮ সালের শুরুতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে জমা পড়ে। সেটা যাচাই বাছাই করে ২০১৮ সালে মার্চে দুলুর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবে কমিশন থেকে তাদের ব্যাংকে জমা থাকা অর্থ জব্দ করার জন্য আদালতে আবেদন করা হয়। সম্প্রতি আদালত অনুমতি দিলে গতকাল মঙ্গলবার কমিশনের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউতে আদালতের নির্দেশনাসহ তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করে।