রাজশাহী নগরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সেনাবাহিনীর নামে অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী লেখা ছড়ানোর দায়ে একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টায় তাকে রাজশাহী নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত আখলাকুজ্জামান আনসারী (৪৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মৃত কাজী মোহাম্মদ আবু সাইদের ছেলে।
জানা গেছে, র্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে; রাজশাহী নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকা থেকে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা, সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল আজিজ, র্যাব মহাপরিচালক (ডিজি) এডিশনাল আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের এবং মিয়ানমার নেত্রী অং সান সু চীর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মানহানীকর, অপপ্রচারমূলক, আক্রমণাত্মক তথ্য ও বিকৃত ছবি ছড়ায়। পরে অভিযান চালিয়ে তার ব্যবহৃত ফোনসহ আখলাকুজ্জামান আনসারীকে হাতেনাতে আটক করে র্যাব।
আরো পড়ুন: হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক আটক
র্যাব জানায়, ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
