বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে শরণখোলার কাঞ্চন হাওলাদার (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় নিহত জেলেকে উপজেলার বকুলতলা গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

উপজেলার রাজেশ্বর গ্রামের এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক মোঃ এমাদুল আকন ও মাঝি মোঃ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় সাগরে জাল ফেলার সময় দড়ির সঙ্গে পা আটকে কাঞ্চন সাগরে পড়ে যায়। পরে তাকে মৃত উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে তার লাশ বাড়িতে আনা হয়। স্থানীয় বকুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন খলিল জানান, তার গ্রামের দরিদ্র কাঞ্চন হাওলাদার সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। সকাল ১০টায় জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তার বাবার নাম মৃত অহেজউদ্দিন হাওলাদার।