কাজের প্রতি মনোযোগী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

মাঝখানে কিছুদিন বিরতি নিয়ে আবারও কাজে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত সপ্তাহে শুটিংয়ের মধ্য দিয়ে ঈদের পর অভিনয়ে ফিরেন তিনি। এখন টানা কাজে মনোযোগ দিয়েছেন।

নিজের ব্যস্ততা সম্পর্কে অপূর্ব বলেন, ঈদের পর বেশ ভালো একটা সময় কাটিয়েছি পরিবারের সঙ্গে। আয়াশকে নিয়েই আমার সময়গুলো কেটেছে। এখন কাজে ফিরেছি। কিন্তু কাজে ফিরেও সারাক্ষণ চিন্তায় থাকতে হয় পরিবেশ পরিস্থিতি নিয়ে। এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারপরও কতদিন আর বসে থাকা যায়, কাজে তো ফিরতেই হয়। সঞ্জয় সমদ্দারের ‘ট্রল’ নাটক দিয়ে এবার কাজ শুরু করি। এই কাজটা বেশ ভালো হয়েছে। খোকন চরিত্র অনুযায়ী নিজেকে আলাদাভাবে প্রস্তুত করেছি। আমাকে দর্শকরা এখানে একটু অন্যরকমভাবে দেখতে পাবে। নিজেকে একটু ভাঙার চেষ্টা করেছি। এছাড়াও নাজমুল রনি পরিচালিত একটি কাজ করেছি যেটাতে আমার সঙ্গে রয়েছে তাসনিয়া ফারিন। আর এখন রুবেল হাসানের একটি কাজ করলাম। এখানে আমার সঙ্গে রয়েছেন সাবিলা নূর। এছাড়া সামনে আরও কিছু নতুন কাজ রয়েছে যেগুলোতে নতুনত্ব থাকবে। সবকিছু সামলে নিয়ে এখন কাজটা মনোযোগ দিয়ে করব।

শিহাব শাহীন পরিচালিত ‘যদি, কিন্তু, তবু...’ সিনেমাটার সর্বশেষ আপডেট বিষয়ে জানতে চাইলে এ নায়ক বলেন, শাহীন ভাইকে আমি সবসময় গুরু মানি। উনার সঙ্গে কাজ করে আমি যতটা স্বস্তি পাই, অন্য কারও সঙ্গে এতটা পাই না। দুজন দুজনকে ভালো বুঝি। উনার গল্প মানেই দুর্দান্ত কিছু। এই কাজটার জন্য আমিও মুখিয়ে আছি।

আমি যতদূর জানি, অক্টোবর মাস থেকে শুটিং শুরুর কথা রয়েছে। একটানা শুট করে কাজটা শেষ হবে। এরমধ্যে শেষ হলে চলতি বছরেই হয়তো মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা শুধু একদিনের রিহার্সালে অংশ নিয়েছিলাম। এরপরই করোনার কারণে শুটিং আটকে গেলো।