মোদী-ট্রাম্পের ফোনালাপ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরো একবার ফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আফগানিস্তানে রণকৌশল নিয়েই সোমবার রাতে এই দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে। পরস্পরকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন মোদী ও ট্রাম্প। গত নভেম্বরে আর্জেন্টি-নায় জি-২০ বৈঠকের পরে এই প্রথম দুইজনের মধ্যে কথা হলো। খবর আনন্দবাজার পত্রিকা

আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চরা হারে সুদ বসানোয় নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য অনেকটাই কমে গিয়েছে। কীভাবে এই বাণিজ্য ঘাটতি মেটানো যায়, তা নিয়ে মোদী-ট্রাম্পের কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন বছরে বাণিজ্যসহ সব রকম দ্বিপাক্ষিক সম্পর্কেই কাঁধ মিলিয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। আফগানিস্তানে পরবর্তী রণকৌশল ঠিক করা নিয়েও মোদী-ট্রাম্প একমত হয়েছেন বলে দাবি হোয়াইট হাউসের। আফগানিস্তানে শান্তি ফেরানোর কথা সম্প্রতি একাধিকবার বলেছেন ট্রাম্প। এ নিয়ে মধ্যস্থতা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তিনি চিঠিও লিখেছেন। সম্প্রতি তার প্রশাসন কাবুল থেকে অর্ধেক সেনা কমানোর প্রস্তাব দিয়েছে।

তবে মোদীর সঙ্গে ট্রাম্পের ঠিক কী কথা হয়েছে তা স্পষ্ট নয়। হোয়াইট হাউস শুধু বিবৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আরো সহযোগিতা করার বিষয়ে রাজি হয়েছে ভারত। তালেবান পর্ব পার করে আফগানিস্তান যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য ভারত কিন্তু ইতোমধ্যেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষত সে দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজ ইত্যাদি নির্মাণে ৩০০ কোটি ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে নয়াদিল্লি। যদিও ট্রাম্প সুযোগ পেলেই এ নিয়ে ব্যঙ্গ করে বলে ভারত অভিযোগ করেছে।