কম্বোডিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত খেমার রুজের সাবেক জ্যেষ্ঠ নেতা দুচ মারা গেছেন। কসাই দুচ নামে পরিচিত কাইং গুয়েক ইয়েভ কম্বোডিয়ার খেমার রুজ সরকারের আমলে কুখ্যাত টুওল স্লেং কারাগারের প্রধান ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তাদের শাসনামলে এই কারাগারটিতে হাজার হাজার বন্দিকে নির্যাতন ও হত্যা করা হয়। ঐ সময় দেশ জুড়ে প্রায় ২০ লাখ লোককে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়।
জাতিসংঘ সমর্থিত একটি ট্রাইব্যুনালের দেওয়া রায়ে দুচ যাবজ্জীবন কারাভোগের শাস্তি পেয়েছিলেন। তিনি খেমার রুজের প্রথম জ্যেষ্ঠ নেতা যিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হন।
২০১০ সালে বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১২ সালে তার সাজার রায় আসে। বুধবার ৭৭ বছর বয়সে তিনি রাজধানী নম পেনের একটি হাসপাতালে মারা যান বলে ঐ ট্রাইব্যুনালের মুখপাত্র জানিয়েছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন দুচ।
টুওল স্লেং, যা এস-২১ নামেও পরিচিত, কারাগারের পরিচালক ছিলেন দুচ। খেমার রুজ সরকারের শত্রু হিসেবে বিবেচিত অন্তত ১৫ হাজার পুরুষ, নারী ও শিশুকে এই কারাগারে বন্দি করা হয়েছিল বলে ধারণা করা হয়। এদের অধিকাংশকেই নির্যাতন করে, জোর করে খেমার রুজের বিরুদ্ধে কথিত অপরাধের দায় স্বীকার করানো হয়েছিল। এরপর তাদের নম পেনের কাছে একটি মাঠে নিয়ে হত্যা করা হতো। বিচার চলাকালে দুচ এস-২১ কারাগারের দায়িত্বে থাকার কথা স্বীকার করেন এবং সেখানে ভয়াবহ যে নির্যাতনের ঘটনা ঘটেছে তাতে নিজের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
