ঝিনাইদহ জেলায় করোনা সংক্রমণের মধ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাল ফিভার। প্রতি গ্রামে এ জ্বরে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কত জন আক্রান্ত হয়েছে তার কোনো তথ্য নেই সিভিল সার্জন অফিসে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। কেউ কেউ এ জ্বরকে করোনা বলেও সন্দেহ করছে। এ জ্বরের লক্ষণ হচ্ছে মাথা, গা ও হাত-পায়ে ব্যথা। এরপর জ্বর শুরু হয়। শরীরের তাপমাত্রা ১০৩-১০৪ ডিগ্রি পর্যন্ত হচ্ছে। মুখে অরুচি, খেতে ইচ্ছ করে না। বাড়িতে এক জন এ জ্বরে আক্রান্ত হলে পরিবারের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। অধিকাংশই বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিত্সা নিচ্ছে। তিন-চার দিন পর জ্বর সেরে যাচ্ছে। আবার অনেকে হাসপাতালে যাচ্ছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্স নুরজাহান বেগম বলেন, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই জ্বরে আক্রান্ত রোগীরা চিকিত্সা নিতে আসছেন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এখন ঋতু পরিবর্তনের সময়। ফ্লুসহ ভাইরাল ফিভার হচ্ছে। প্রতি বছরই এ সময় ভাইরাল ফিভারের সংক্রমণ হয়ে থাকে। অত্যন্ত ছোঁয়াচে এ জ্বর। এজন্য আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, করোনার উপসর্গও প্রায় একই রকম। সন্দেহ হলে করোনা পরীক্ষা করতে হবে।
