ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ‘ভারত রত্ন’ প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তার কাছে ঋণী। ড. মোমেন বলেন, Ôআমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তার সঙ্গে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।Õ
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ড. মোমেন তার স্বর্গসুখ কামনা করেন। এছাড়া তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
