গাংনীতে হেফজখানার খাদেমকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯

মেহেরপুরের গাংনীতে ছহিরউদ্দীন(৮২) নামে ঈদগাহ, গোরস্থান ও হেফজখানার এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার সাহেবনগর কবরস্থানের পাশে বাগানের মধ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ছহিরউদ্দীন বিনা বেতনে ৩৫ বছর যাবত্ এই হেফজখানায় খাদেমের দায়িত্ব পালন করে আসছেন। হেফজখানার ১০/১২ জন শিক্ষার্থীর দেখাশোনা ও খাবার দেওয়ার কাজটি তিনিই করতেন। সকালে হেফজখানার ছাগলের জন্য খাবার আনতে পলাশ নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিক্ষার্থীকে নিয়ে বাগানে গেলে সেখানে ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

নিহতের মেয়ে শাহিনা খাতুন জানান, তার বাবা বাড়ির পাশের একটি হেফজখানার শিক্ষার্থীদের দেখাশোনা করার পাশাপাশি কবর খননের কাজ করতেন। তার কোনো শত্রু ছিল না। কেন কী কারণে তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা তারা           জানেন না। পুলিশ সুপার এম এম মুরাদ আলীসহ গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, ডিবি পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।