যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিন রাজ্যের কেনোশা শহর সফর করেছেন। সেখানে বর্ণবাদবিরোধী বিক্ষোভে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর পুলিশের প্রশংসা করেছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের স্থানীয় সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ জন নোবেল বিজয়ী। খবর ডেইলি মেইল ও বিবিসির
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কেনোশা শহরে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। ঐ শহরেই জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গকে তার তিন সন্তানের সামনে সাতটি গুলি করে শ্বেতাঙ্গ পুলিশ। এতে ব্লেক পঙ্গু হয়ে গেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার লিখিত বক্তব্যে ব্লেকের নাম পর্যন্ত উল্লেখ করেননি। বরং তিনি বলেছেন, পুলিশেরই অনেক সময় দম বন্ধ হয়ে যায়। তিনি পুলিশে পদ্ধতিগত বর্ণবাদের বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন, বেশির ভাগ পুলিশ সদস্যই সম্মানিত। তারা সাহসী এবং মানুষের জন্য নিবেদিত। পুলিশ বিশ্বস্ত উল্লেখ করে ট্রাম্প বলেন, কিছু রাজনীতিক পুলিশের আত্মত্যাগকে অবজ্ঞা করেন, যেমন করেন আফ্রািকান-আমেরিকানদের। তিনি বলেন, পুলিশ কোনো ভুল সিদ্ধান্ত নিলে হয় তাদের মরতে হয়, না হয় তাদের কোনো সমস্যায় পড়তে হয়। এক সাংবাদিক জ্যাকব ব্লেককে গুলি করার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘ঐ পরিস্থিতি কারো হোক তা আমি চাই না, এটা একটা জটিল বিষয়।’
বাইডেনকে সমর্থন ৮১ নোবেল বিজয়ীর
যুক্তরাষ্ট্রের ৮১ জন নোবেল বিজয়ী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন। তারা গতকাল বুধবার এক খোলা চিঠিতে বলেছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সমস্যার সমাধানে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কথা শোনেন। তারা বিশেষ করে মহামারির সময় বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তের ওপর জোর দেন। নোবেল বিজয়ীদের মধ্যে রসায়ন, পদার্থ ও চিকিত্সাবিজ্ঞানে বিজয়ীরা রয়েছেন।
