ঢাকা দক্ষিণ সিটির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফকে দুদকে তলব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন থেকে পাঠানো তলবি নোটিশে তাকে আগামী ৮ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের পাঠানো নোটিশে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সিটি করপোরেশনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ঐদিন জিজ্ঞাসাবাদে হাজির না হলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে। চলতি বছরের মে মাসে বিভিন্ন অভিযোগে ইউসুফ আলীকে চাকরিচ্যুত করা হয়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্তমান মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পরদিনই কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে চাকরিচ্যুত করেন।