সরকারকে জনগণের আস্থা অর্জনের আহ্বান বিএনপির

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

দেশ ও জনগণের স্বার্থে মিথ্যাচার, প্রতিহিংসা, কূটতর্ক ও ব্লেমগেমের রাজনীতির পরিবর্তে ক্ষমতাসীনদেরকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার সমস্ত গণমাধ্যমকে কবজা করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে জিয়া পরিবারের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার-প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারটি একাধারে প্রায় এক যুগ ধরে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। একটি রাজনৈতিক দলের একটানা এতদিন ক্ষমতায় থাকার পর, প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচারের পরিবর্তে, এতদিন তাদের নিজেদের সাফল্যের কথা বলার মতো সক্ষমতা অর্জন করার কথা ছিল। অথচ গর্ব করে বলার মতো এই সরকারের কোনো সাফল্য নেই। প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তর, সেক্টর, বিভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই দুর্নীতি-লুটপাট-অবিচার-অনাচার আর প্রতারণায় নিমজ্জিত।

রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্ধৃতি করে বলেন, দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে কারো আদেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সময়, পরিস্থিতি বিবেচনা করে যার যার নিজ নিজ এলাকায় নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে গুম-খুন-অপহরণ-দুর্নীতি-অন্যায়-অবিচার-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।