ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বক্সের কাছে একটি বড় বিলবোর্ডসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, কুিসত এই বিলবোর্ডটি অবৈধভাবে ১৬ বছর ধরে এখানে আছে। বিদেশিরা বিমানবন্দর থেকে নেমেই এই বিলবোর্ড দেখে বাংলাদেশ এবং ঢাকা শহর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। আমরা কোনো ধরনের অবৈধ বিলবোর্ড এই শহরে দেখতে চাই না। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ বিলবোর্ড নামানো হবে। মেয়র আরো বলেন, যত ক্ষমতাধরই হোক না কেন, আমি কাউকে ছাড় দেব না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়? আমি সমস্ত অবৈধ বিলবোর্ড অপসারণ করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই, কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না। এই শহর সবার। সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। মেয়র বলেন, যারা এ ধরনের অবৈধ বিলবোর্ড দিয়ে রাজনৈতিক পরিচয় দিচ্ছেন সেটি মোটেই কাম্য নয়। আমরা নিজের ক্যাম্পেইন করব, কিন্তু শহরের ক্ষতি করে নয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম এবং ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
