শিশুকে মুমূর্ষু দেখে হাসপাতালেই মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫০

নিজ শিশু সন্তানকে মুমূর্ষু অবস্থায় দেখে হতাশাগ্রস্ত হয়ে এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। অসহায় এই মায়ের নাম রিমা (২৬)। রাজধানীর মোহাম্মাদপুরের লালমাটিয়ায় ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালের ছাদ থেকে তিনি লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে শোনা গেছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিমার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার আলোকদিয়া ভূইয়াবাড়ি এলাকায়। তার বাবার নাম হাশেম মিয়া ও স্বামীর নাম ডালিম।

রিমার চাচাতো বোন জামাই রোহান পারভেজ জানান, রিমার তিন বছরের একমাত্র ছেলে তাসিনের পাইলসের সমস্যা রয়েছে। ৮-১০ দিন আগে দ্বিতীয় দফায় তাকে ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন-চার দিন আগে তার অপারেশন করা হয়। সে একই হাসপাতালের এনআইসিইউ ভর্তি আছে। রোহান আরো জানান, চিকিত্সকরা জানিয়েছেন তাসিনের অবস্থা ভালো না। এরপর রিমার ছাদ থেকে লাফিয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে রিমা সন্তানের অসুস্থতা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। হাসপাতালের ম্যানেজার মো. আমিনুর রহমান জানান, আমাদের মনে হচ্ছে তিনি লাফিয়ে নিচে পড়তে পারেন।