সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ৩ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করা হয়েছে। তবে কারো করোনা উপসর্গ থাকলে সে ভোট দিতে পারবে না। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে, প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বলেন, ‘ডেলিগেট এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনা উপসর্গ থাকবে, তারা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না এবং ভোট দিতে পারবেন না’।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ লক্ষণীয় হলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র ক্রয় করা যাবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য ২৫ হাজার টাকা করে। এ অর্থ অফেরৎ যোগ্য।
মনোনয়নপত্র জমা ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা, আপত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা, বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে, প্রত্যাহার মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ সেপ্টেম্বর।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসআই
