মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে বিনামূল্যের সরকারি বোর্ডের পাঠ্যবই বিক্রির অভিযোগে বুধবার কাঁঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হালিমসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে পাঁচ বস্তা বই।
উপজেলার কাঁঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই পৌর সদরের কলেজ রোডে ভাঙ্গারি দোকোনে বিক্রি করে দিয়েছে এ খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানসহ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ বস্তা নতুন পাঠ্যবই উদ্ধার করে। অভিযানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। আর বই বিক্রির অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হালিম ও ক্রেতা খাঞ্জা মিয়াকে আটক করা হয়।
