বোল ওঠা বাদ্যের মতো, সহসা কথায় যদি কোনো ঋতুটি শরত্, অথবা ঝুমরি কোনো শীত এসে যায়
দায়সারা কোন গীতিকায় তাকে বাঁধবো সুরে!
যেহেতু জানাই আছে, ছিন্ন হলে পা
মাটিও সরিয়ে রাখে পথ, হাত-ছোটা দূরে
যেখানে হূদয় না, পাথরটা যায়
পায়ের পাতার থেকে মুছে যাওয়া পা’টি
ক্ষত করে কোনো এক কাঠঠোকরায়
তবু গন্তব্যে চিরকালই দেখেছি ভীষণ কিছু আবোল তাবোল রেণু-ফুল, অযথা গানের কোনো অস্ফুট শিসের দোয়েল, নাম নেই, গোত্রহীন বাকলের তরু ও লতা, টাক পড়ে যাওয়া ঝোপ, ভয়ানক ফণীমনসা
তুমি মিলিয়ে যাওয়ার পরে দেখি, লোকালয়ে কীসব অর্থরা চুপ করে এলো, নিরর্থক বানের মতোই; চিরল পত্রাবলিও দেখি বিরহী মুখরাগুলো বিছিয়েছে ছায়াহীন মাটির রেখায়; তাই বর্ষার জলোদিন অথবা বসন্তে আর কোথাও যাই না আমি, সামান্য গন্ত্যব্যেও
