বিমান সংস্থাগুলোকে পরীক্ষামূলক ভ্যাকসিন দিতে চাইছে চীন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭

বিমান খাত সংশ্লিষ্ট কর্মীদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্স চীনা কর্তৃপক্ষের দেওয়া এ সংক্রান্ত একটি নোটিশ দেখেছে। অর্থনৈতিক কার্যক্রম সচল করে দেওয়ায় নতুন করে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে করোনার উচ্চঝুঁকিতে থাকা এসব কর্মীকে ভ্যাকসিনটি দেওয়া হবে।

চীনের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য চারটি ভ্যাকসিন এখন হিউম্যান ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। মানুষের মধ্যে রোগটি প্রতিরোধে সক্ষম করে তুলতে গত জুলাইয়ে সীমান্ত পরিদর্শক, সামরিক বাহিনী ও মেডিক্যাল খাতের কর্মীদের জন্য দেশটির সরকার কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

চীনা কর্তৃপক্ষের ঐ নোটিশে দেখা যাচ্ছে, চীনের বিমানবন্দর, বিমান জ্বালানি খাত এবং ট্রাভেলস্কাই টেকনোলজিস লিমিটেডের ফ্রন্টলাইন কর্মীদেরকে স্বেচ্ছাভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। নোটিশ অনুযায়ী স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে আগ্রহী এমন কর্মীদের একটি তালিকা করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার জন্য চীনের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।