ফুলপুরে লোকালয়ে বাঘ আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৭

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

বুধবার সকালে ফুলপুর উপজেলার সাহাপুরে লোকালয়ে বাঘ দেখে এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুরে সবুজ দত্তের বাড়িতে বাঘ খাবারের সন্ধানে চলে আসে। বাঘকে বাড়ির কুকুর তাড়া করলে বাঘ কুকুরকে আক্রমণ করে। পরে কুকুরের ডাকে প্রথমে বাড়ির মলয় দত্ত বের হন। তিনি বাঘ দেখে চিত্কার দিলে আরো লোকজন ঘটনাস্থলে আসলে বাঘ জঙ্গলে একটি পিতরাজ গাছের ডালে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শী সবুজ দত্ত বলেন, চার/পাঁচশ জন লোক গাছের নিচে জড়ো হলে দুই ঘন্টা গাছে অবস্থান করে বাঘটি। পরে একটু নীরবতা পেয়ে গাছ থেকে নেমে লোকচক্ষুর আড়ালে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুননাহার শাম্মী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাঘটিকে আক্রমণ বা হত্যা না করার জন্য মাইকিং করা হয়েছে বলে জানান তিনি।