পৃথক তিন স্থানে পানিতে ডুবে বৃহস্পতিবার ছয় শিশুর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
রৌমারী (কুড়িগ্রাম) : গোসল করতে গিয়ে পানিতে ডুবে দীনা খাতুন (১২), সিয়াম (১৩) ও হামিম (১৫) নামের তিন খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে কজেলপাড়া গ্রামে। চার ভাইবোন ও মামাসহ পাঁচ জন বাড়ির পাশে স্লুইসগেটসংলগ্ন সোনাভরি নদীতে গোসল করতে গেলে দীনা ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য পরপর ভাইবোনরা গেলে তারাও ডুবে যায়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের পিরবাড়ি (আরামবাগ) এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পিরবাড়ির জাহের মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো ঐ এলাকার প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে সামসুন্নাহার (১০) ও নূর ইসলামের মেয়ে মিথিলা (৭)। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিত্সক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নাটোর : নাটোরের নলডাঙ্গায় গোসলে নেমে বন্যার পানিতে ডুবে যুথী নামের পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামের হালতি বিলের বন্যার পানিতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুথী ঐ গ্রামের সুজন মীনার মেয়ে ও বাঁশিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
